তীব্র খরায় ভুট্টা ও গম উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে কেনিয়ার কেন্দ্রীয় অঞ্চল। বৃষ্টির অভাব এবং অতিরিক্ত তাপমাত্রায় ফসল শুকিয়ে যাওয়ায় কৃষকরা এখন তা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
এফএএসের প্রতিবেদনে বলা হয়েছে, শরতের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ দীর্ঘমেয়াদি গড়ের মাত্র ৩০ শতাংশে নেমে এসেছে। আর্দ্রতার অভাব ও ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে মাটির পানি শুকিয়ে গেছে। এতে শস্য পূর্ণাঙ্গভাবে বেড়ে ওঠার আগেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামী মাসগুলোয় কেনিয়ায় খাদ্য নিরাপত্তা ও ভুট্টার বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।
কেনিয়ার স্থানীয় বাজারে এরই মধ্যে ভুট্টার দাম বাড়তে শুরু করেছে। গত নভেম্বরে দেশটিতে ৯০ কেজির এক বস্তা ভুট্টার দাম ২৯ ডলার ৫০ সেন্ট ছিল। জানুয়ারি শেষে এ দাম ৩১ ডলারে পৌঁছেছে। মজুদ ও মুনাফাভোগীদের তৎপরতার কারণে ভুট্টার দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এ ঘাটতি মেটাতে এরইমধ্যে জাম্বিয়া থেকে ৯০ হাজার টন ভুট্টা আমদানির পরিকল্পনা করেছে কেনিয়া সরকার।