চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বেপজা ইজেড) একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগের ধারাকে আরো এগিয়ে নিতে এরোসিন্থ লিমিটেডকে এ অনুমতি দেয়া হয়েছে। এটি হবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ড্রোন উৎপাদনের দ্বিতীয় কারখানা।
বুধবার (৫ নভেম্বর) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও এরোসিন্থ লিমিটেডের প্রতিনিধি হু ড্যানড্যান লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
উচ্চ-প্রযুক্তির পণ্য উৎপাদনে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেয়ার জন্য এরোসিন্থ লিমিটেডকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। সেইসঙ্গে নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিতে সার্বক্ষণিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. আরিফুর রহমান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ ও এরোসিন্থ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ প্রকল্পে ৩৫ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন এরোসিন্থ লিমিটেড, যেখানে খেলনা ড্রোন, মাছ ধরার ড্রোন ও হালকা পণ্য ডেলিভারির জন্য ড্রোন তৈরি করা হবে। কারখানাটি বছরে ১ লাখ ৫০ হাজার ইউনিট ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে যেখানে ৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ড্রোন উৎপাদন প্রকল্পটি বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। তারা কৃষিতে কীটনাশক স্প্রে, অগ্নি নির্বাপণ, জরুরি উদ্ধার, পণ্য বিতরণ, সিনেমাটোগ্রাফি ও ম্যাপিংয়ের জন্য ড্রোন উৎপাদন করবে। এ প্রকল্পগুলো বেপজার শিল্পখাতের বৈচিত্র্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করছে।