যুক্তরাষ্ট্রের উন্নয়ন ব্যাংক ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের সহায়তায় ডাবলিনভিত্তিক খনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেকমেটে ১৮ কোটি ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে কাতার বিনিয়োগ কর্তৃপক্ষ। পরিবেশবান্ধব জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদানে চীনের আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্র সমর্থিত উদ্যোগটিতে বিনিয়োগ করছে দেশটি। পশ্চিমা ও আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরিতে ব্যবহৃত খনিজ লিথিয়াম ও কোবাল্ট সরবরাহে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব বেশ পুরনো। কাতার বিনিয়োগ কর্তৃপক্ষের এ পদক্ষেপ দেশ দুটির দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করবে।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গুরুত্বপূর্ণ খনিজ উপাদানে চীনের আধিপত্য দখলের প্রচেষ্টা জোরদার করেছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে একে অন্যতম বড় কৌশলগত লক্ষ্য হিসেবেও দাঁড় করিয়েছে তারা।
এ প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আর্থিক শক্তি ব্যবহারে প্ররোচিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তাদের চাওয়া শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন ও প্রক্রিয়াকরণে মার্কিন উদ্যোগে দেশগুলো যেন বিনিয়োগ করে। তবে ভূরাজনৈতিক অচলাবস্থার মধ্যে নিজেদের নিরপেক্ষতাকে কাজে লাগিয়ে খনিজ পণ্যের বাজারে বড় ভূমিকা রাখার আশা করছে উপসাগরীয় এসব ধনী দেশ।
তবে খনিজ খাতে চীনা বিনিয়োগের তুলনায় কাতারের এ বিনিয়োগ খুব একটা বড় নয়। আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের তথ্যানুসারে, চীন বিশ্বব্যাপী প্রায় ৯০ শতাংশ বিরল খনিজ উপাদান পরিশোধন করে।
এছাড়া বৈশ্বিক উৎপাদনের ৬৮ শতাংশ কোবাল্ট, ৬৫ শতাংশ নিকেল ও ইভি ব্যাটারির জন্য ৬০ শতাংশ লিথিয়াম প্রক্রিয়াজাত করে দেশটি।
টেকমেটে ছয় কিস্তিতে মোট ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে কাতার। এতে কোম্পানিটির মূল্য ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি।