এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে নতুন করে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এ বিনিয়োগের মাধ্যমে বছরব্যাপী একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে, যেখানে পাঁচ শতাধিক নারী খেলোয়াড় পেশাদার প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ উদ্যোগের লক্ষ্য নতুন প্রতিভা খুঁজে বের করা, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের নারী হকি খেলোয়াড় তৈরির জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা। এর আগে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫’ আয়োজনে প্রায় ১ কোটি টাকা সহায়তা দিয়েছিল ব্র্যাক ব্যাংক।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা থেকে উদীয়মান নারী হকি খেলোয়াড়দের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। জেলা পর্যায়ে প্রতিভা অনুসন্ধান ও প্রশিক্ষণ, গোলরক্ষকদের জন্য বিশেষায়িত আবাসিক প্রশিক্ষণ, বিকেএসপির মেধাবী খেলোয়াড়দের জন্য শিক্ষাবৃত্তি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের জন্য একটি সুস্পষ্ট উন্নয়নধারা তৈরি করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৬’, যেখানে সারা দেশ থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য প্রদর্শনের সুযোগ পাবেন। এরই মধ্যে এ উদ্যোগের ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৫ সালের টুর্নামেন্ট থেকে ১১ জন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন, যাদের মধ্যে চারজন এশিয়ান গেমস বাছাইপর্বে বাংলাদেশের দলে স্থান করে নিয়েছেন। এ নারী হকি দলই রানার-আপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাইপর্ব উত্তীর্ণ হওয়ার সাফল্য অর্জন করে।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘স্যার ফজলে হাসান আবেদ বিশ্বাস করতেন, বাংলাদেশে প্রতিভার কোনো অভাব নেই, অভাব রয়েছে সুযোগের। এ কর্মসূচির মাধ্যমে আমরা এমন একটি শক্ত প্লাটফর্ম গড়ে তুলছি, যা নারী হকি খোলোয়াড়দের আত্মবিশ্বাস, মর্যাদা ও দক্ষতার সঙ্গে তাদের ক্রীড়া স্বপ্ন পূরণের সুযোগ করে দেবে।’ এ উদ্যোগ শুধু খেলাধুলায় বিনিয়োগ নয়; এটি অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনায় বিনিয়োগ বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘দেশে নারী হকির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক সহায়তা তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’