দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে নতুন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় প্রথম পর্যায়ে ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন সুবিধা দেয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা তার প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর ৫০ শতাংশ ব্যাংক ঋণ এবং ৫০ শতাংশ অনুদান হিসেবে দেয়া হবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে ৪ থেকে ৭ শতাংশ। এ ঋণের জন্য কোনো ধরনের জামানত দিতে হবে না।
তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। এ ক্ষেত্রে গ্রাহক প্রচলিত নিয়মে খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।
আগামী ১৬ সেপ্টেম্বর কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা সংবলিত প্রাতিষ্ঠানিক সার্কুলার জারি করা হবে, যা পরবর্তী এক মাস পর্যন্ত আবেদন করা যাবে। প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের আট নির্বাচিত জেলার ৬৪টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।