উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য চুক্তি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক সিএমএসএমইর বিকাশ এবং কৃষিপণ্য রফতানি সম্প্রসারণে এ তহবিল ব্যবহার করা হবে।
এ উপলক্ষে গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহামদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আবদুল কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, এসবিএসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ইভিপি জাহাঙ্গীর আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।