বাংলাদেশে উৎপাদিত হতে যাচ্ছে গ্রিনহাউজ হাইড্রোপনিক্স টেন্ট। এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন পিউর হাউসওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেড। বেপজার অর্থনৈতিক এলাকায় কারখানা নির্মাণ ও পরিচালনায় প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে ৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার।
এ কারখানায় মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো গ্রিনহাউজ হাইড্রোপনিক্স টেন্ট তৈরি হবে। এছাড়া ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন ও পিই প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে।
হাইড্রোপনিক্স টেন্ট একটি নন-ট্র্যাডিশনাল ও উচ্চমূল্য সংযোজনকারী রফতানি পণ্য। এটি পণ্য বহুমুখীকরণ ও বিশেষায়িত বৈশ্বিক বাজারে প্রবেশে বেপজার কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশে রফতানি করা হবে। এতে প্রায় ৩ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ঢাকার বেপজা কমপ্লেক্সে আজ এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং গ্রিন পিউর হাউজওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওয়াং শেনিউ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।