ভারতে ধাতব কয়লা সরবরাহ করতে চায় মঙ্গোলিয়া। এ লক্ষ্যে দেশটি ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গোলিয়ার ইস্পাতবিষয়ক মন্ত্রণালয় এমনটা জানিয়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ইস্পাত উৎপাদনের প্রধান উপকরণ ধাতব কয়লা। আর ইস্পাত উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ভারত। ধাতব কয়লার সিংহভাগ চাহিদা দেশটি আমদানির মাধ্যমে পূরণ করে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও মোজাম্বিক থেকে পণ্যটি আমদানি করে ভারত।
সাম্প্রতিক সময়ে ধাতব কয়লার বাজারে অস্থিরতা বেড়েছে। এ পরিস্থিতিতে রাশিয়ার মতো বিভিন্ন বিকল্প বাজার থেকে পণ্যটির সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে ভারত। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানিটির আমদানি চলতি অর্থবছরের এখন পর্যন্ত দ্বিগুণের বেশি হয়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৪৩ লাখ টনে।
ভারতে ধাতব কয়লা সরবরাহের লক্ষ্যে মঙ্গোলিয়ার ইস্পাত মন্ত্রণালয় দেশটিকে একটি প্রস্তাব দিয়েছে। কয়েকটি কোম্পানির মধ্যে বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গোলিয়া ধাতব কয়লার জন্য একটি ওয়াশিং স্টেশন তৈরি করছে। আগামী বছরের মধ্যে এটির কাজ সম্পন্ন হতে পারে। এটি রফতানিতে সহায়ক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগের কথাও ভাবা হচ্ছে।