খনিজ উত্তোলন ও কারখানা শিল্পে বেশ অগ্রগতি হওয়ায় সৌদি আরবের বছরওয়ারি শিল্প খাতের উৎপাদন বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।
সংশ্লিষ্টরা আরো জানিয়েছে, খনিজ উত্তোলন ও খননকাজ আগের বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালের মার্চে বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে মার্চে দেশটির জ্বালানি তেল উৎপাদন দিনপ্রতি ১ কোটি ব্যারেল বেড়েছে। বছরওয়ারি বৃদ্ধির পাশাপাশি, মার্চের শিল্প উৎপাদন সূচক আগের মাসের তুলনায় বেড়েছে ৬ শতাংশ।
ভিশন ২০৩০-এর অধীনে সৌদি আরবের লক্ষ্য খনিকে দেশের শিল্প খাতের তৃতীয় স্তম্ভ হিসেবে গড়ে তোলা এবং দেশে থাকা ৫ ট্রিলিয়ন সৌদি রিয়াল মূল্যমানের সম্পদ ব্যবহার করা। তার পর থেকেই মূলত খনন থেকে দেশটির উৎপাদন বেড়েছে।
এক রিপোর্টে জিএএসটিএটি বলেছে, খনি ও খননকাজ, কারখানা শিল্প এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে শিল্প উৎপাদন বেড়েছে যথাক্রমে ৭৪ দশমিক ৫ শতাংশ, ২২ দশমিক ৬ ও ২ দশমিক ৯ শতাংশ।
গত বছরের একই মাসের কথা বিবেচনা করলে কারখানাজাত কার্যক্রম বেড়েছে ১০ দশমিক ৫ শতাংশ, পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বেড়েছে ১৬ দশমিক ৬ শতাংশ। ২০২১ সালের মে মাসে সৌদি আরবের আইপিআই ইতিবাচক ধারা অর্জন করে। তবে তার পর থেকে তা খুব ধীরগতিতে বাড়ছে। এর আগে ২০১৯ ও ২০২০ সালে করোনা মহামারীর কারণেও বেশ নেতিবাচক ধারা দেখা দিয়েছিল।
আইপিআই একটি অর্থনৈতিক নির্দেশক, যা দিয়ে সাধারণত উৎপাদনের তুলনামূলক পরিবর্তন বোঝা যায়। শিল্প খাতে উৎপাদন জরিপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয় এখানে। ২০২২ সালের এপ্রিলে দেশটির বছরওয়ারি প্রবৃদ্ধি ছিল ২৬ দশমিক ৭ শতাংশ, তার পর থেকে টানা ১১ মাস প্রবৃদ্ধি ধীর হতে দেখা গেছে।