ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে গতকাল বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য ওঠা-নামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত থাকবে। এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় বন্দরের দুই পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রবসহ শিল্প-কারখানার জরুরি কাজে ব্যবহূত কাঁচামালও রয়েছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, পূজার কারণে ভারতের সঙ্গে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, বিশ্বকর্মার ছুটির কারণে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট আমাদের আগেই জানিয়ে দেয়। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে। কাস্টম হাউজেও কাজ চলছে।