ডিএস-৩০ সূচক সমন্বয়

বাদ পড়েছে লিন্ডে ইউনিক হোটেলস ও কোহিনূর কেমিক্যালস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানির পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে ডিএস-৩০ সূচক সমন্বয় করা হয়েছে।

এতে নতুন করে তিনটি কোম্পানি ডিএস-৩০ সূচকে যুক্ত হয়েছে এবং তিনটি কোম্পানি বাদ পড়েছে। পরিবর্তিত সূচক ১৯ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। অন্যদিকে বাদ পড়েছে কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস পিএলসি ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

গতকালের পুঁজিবাজার: দেশের পুঁজিবাজারে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন বেশির ভাগ খা‌তের শেয়া‌রে ইতিবাচক রিটার্ন এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল প্রায় ১ শতাংশ বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পরই ডিএসইর সূচক ঊর্ধ্বমুখী ছিল। দিন শেষে ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৮০৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ২৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৭৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৮৯ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও আইডিএলসির শেয়ার।

ডিএসইতে গতকাল প্রায় ১৬৭০ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৪২৮ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৫৬টির ও দর অপরিবর্তিত ছিল ৩৭টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১২ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। প্রকৌশল খাত ৮ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৭ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৫ শতাংশ।

গতকাল বেশির ভাগ খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। মিউচুয়াল ফান্ড খাতে ৬ দশমিক ৪ শতাংশ, জীবন বীমা খাতে ৩ দশমিক ৯ ও পাট খাতে ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে ঋণাত্মক রিটার্ন এসেছে ১ দশমিক ৮ শতাংশ।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৭৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৯৪টির ও দর অপরিবর্তিত ছিল ১৭টির। গতকাল সিএসইতে ১০ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল প্রায় ৪৯ কোটি টাকা।

আরও