আইডিআরএর উদ্যোগে অপরিশোধিত বীমা দাবি নিষ্পত্তি শুরু

বীমা গ্রাহকদের দীর্ঘদিনের বকেয়া দাবি পরিশোধের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এরই অংশ হিসেবে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২৩ জন গ্রাহকের দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবির নিষ্পত্তি করা হয়েছে। গতকাল এসব গ্রাহকের অনুকূলে মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়। আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অর্থ পরিশোধ করা হয়েছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, কোম্পানির সিকিউরিটি বন্ড নগদায়নের মাধ্যমে দাবির অর্থের সংস্থান করা হয়। পরে ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) পদ্ধতিতে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হয়েছে। ফলে দাবি পরিশোধের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

ফারইস্ট ইসলামী লাইফের আরো যেসব বীমা দাবি দীর্ঘদিন ধরে অপরিশোধিত রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য কোম্পানির অন্যান্য সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে আইডিআরএ।

আরও