ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হচ্ছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসারে ও এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’। গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে আগামী ২৭ ফেব্রুয়ারি মেলা শুরু হয়ে চলবে ১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।

দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে চতুর্থবারের মতো ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’-এ অংশ নেবে। প্রতিবারের মতো এবছরও মেলায় অংশ নিতে উদ্যোক্তাদের কোনো খরচ হচ্ছে না, মেলার সব ব্যয় বহন করবে ব্র্যাক ব্যাংক।

মেলায় উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া-পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হবেন। এছাড়াও থাকবে বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুড কোর্ট, হাওয়াই মিঠাইসহ অন্যান্য স্টল।

মেলায় কিউআর পেমেন্টের ক্ষেত্রে যেকোনো পণ্য কেনাকাটায় ক্রেতারা ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।

প্রদর্শনী বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ক্ষমতায়ন ও তাদের পণ্যের প্রসারে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্তে এরকম আরো অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

-বিজ্ঞপ্তি

আরও