করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশের বৃহত্তম বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ‘ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সুরক্ষাসামগ্রী হিসেবে হ্যান্ড রাব ও বিশুদ্ধ খাওয়ার পানি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। গতকাল প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের কাছে এসব সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে প্রথম থেকেই বিভিন্নভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এরই অংশ হিসেবে এবার ডিএনসিসি কভিড হাসপাতালের কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রাণ-আরএফএলের উৎপাদিত অ্যাকটিভো ব্র্যান্ডের হ্যান্ড রাব ও প্রাণ ড্রিংকিং ওয়াটার প্রদান করা হলো। তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারীর সময় পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে উপার্জনের পথ হারিয়ে বিপাকে পড়ে অনেক অসহায় পরিবার। প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে প্রায় ৭০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা, চট্টগ্রাম ও ভোলার ১৫টি হাসপাতালে মাস্ক, পিপিই হ্যান্ডগ্লাভস, হ্যান্ডস্যানিটাইজার ও করোনার নমুনা সংগ্রহের বুথ প্রদান করে গ্রুপটি। —বিজ্ঞপ্তি