বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন)-প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ চুক্তি সম্পাদিত হয়। বৃহস্পতিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আমেনা বেগম।
অনুষ্ঠানে জানানো হয়, প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বিশ্বব্যাংকের অনাপত্তির ভিত্তিতে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশন সার্ভিস প্রোভাইডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের জয়েন্ট ভেঞ্চার অংশীদারদের নিয়ে ২০২৮ সালের মধ্যে দেশের ৬৪ জেলার ২৫০ উপজেলায় পাঁচ হাজার গ্রামভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে। এসব কেন্দ্রের মাধ্যমে ১৫-৩৫ বছর বয়সী নয় লাখ তরুণকে সমসাময়িক ও বাজারের চাহিদাভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে, যাদের ৬০ শতাংশই হবেন নারী। এ উদ্যোগ আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক রূপান্তর এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ব্র্যাক ঢাকা ও রংপুর বিভাগে; সেভ দ্য চিলড্রেন বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়; কেয়ার বাংলাদেশ তিন পার্বত্য জেলা, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে এবং ঢাকা আহছানিয়া মিশন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলা ও সিলেট বিভাগে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ও টাস্ক টিম লিডার সৈয়দ রাশেদ আল-জায়েদ জশ, অতিরিক্ত প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. মেরিনা নাজনীনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কনসালট্যান্টরা। অন্যদিকে সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের পক্ষে ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ ভূঁইয়া ও অন্তর্বর্তীকালীন সেক্টর ডিরেক্টর নিশাত আফরোজ মির্জা; কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস, হেড অব পিপল অ্যান্ড কালচার কাজী রিজওয়ানা রহমান, সিনিয়র ডিরেক্টর (ফাইন্যান্স) সাজিয়া তারিন, হেড অব গভর্নমেন্ট রিলেশনস ফজলুল হক ও সিনিয়র কো-অর্ডিনেটর শাহরিয়ার আলম; ঢাকা আহছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট ড. এসএম খলিলুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রোগ্রাম) কেএম জাহিদুজ্জামান ও টিম লিডার মোসাম্মৎ কনক লতা এবং ব্র্যাক এডুকেশনের ডিরেক্টর সাফি রহমান খান, হেড অব প্রোগ্রামস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম ফারুক ও টিম লিডার কাজী জাহাঙ্গীর আলম।