ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় তাদের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগে প্রায় ১৮৫০ জন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রথমভাগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনরা নবীনদের উদ্দেশে তাদের নিজ নিজ অনুষদের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। একজন নবীন শিক্ষার্থীও তার অনুভূতি জানায়।
বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি বিভিন্ন ক্লাব, গবেষণাগার ও লাইব্রেরীতে সক্রিয় হয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। পরে বিভাগ ভিত্তিক অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। —বিজ্ঞপ্তি