মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে।

উৎপাদন ও মজুদ বাড়ায় গত শুক্রবার পণ্যটির দর পতন হয়েছে। সাম্প্রতিক খাতের উপাত্তে দেখা গেছে, জুনে দেশটিতে পাম অয়েলের মজুদ চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারে চাহিদার তুলনায় উৎপাদন দ্রুত পুনরুদ্ধার হওয়ায় বাজারে এ বাড়তি সরবরাহের চাপ তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিমূল্য ৮৩ রিঙ্গিত বা ১ দশমিক ৮১ শতাংশ কমেছে। দিন শেষে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়ায় ৪ হাজার ৫১১ রিঙ্গিত বা ১ হাজার ১০৯ ডলার ১৭ সেন্ট। সপ্তাহের শেষ দিকে দামে বড় পতন হলেও সপ্তাহজুড়ে চুক্তির দাম দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে টানা তিন সপ্তাহ পর বাজারে প্রথম সাপ্তাহিক মূল্যবৃদ্ধি দেখা গেল।

বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ মজুদ সাধারণ ব্যবসায়ীদের চিন্তায় ফেলেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান পেলিনডুং বেস্তারির পরিচালক পারমালিঙ্গম সুপ্রামানিয়াম জানান, মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের তথ্যে উচ্চ মজুদের চিত্র আসায় বাজারসংশ্লিষ্টরা ধারণা করছেন, সরবরাহ অনুযায়ী চাহিদা দুর্বল থাকতে পারে। আর এ বিষয়ই দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে।

প্রতিদ্বন্দ্বী অন্য ভোজ্যতেলের দাম কমে যাওয়াও মালয়েশিয়ার পাম অয়েলের বাজারে প্রভাব ফেলেছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়াবিনের চুক্তিমূল্য দশমিক ৯৩ শতাংশ এবং পাম অয়েলের চুক্তিমূল্য ১ দশমিক ৭৬ শতাংশ কমেছে।

শিকাগো বোর্ড অব ট্রেডেও সয়াবিনের দাম দশমিক ২ শতাংশ কমেছে। বিশ্ব ভোজ্যতেলের বাজারে নিজেদের অংশ ধরে রাখার প্রতিযোগিতায় পাম অয়েল সাধারণত অন্য প্রতিদ্বন্দ্বী তেলগুলোর দামের গতিপ্রকৃতি অনুসরণ করে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। জ্বালানি তেলের দাম কম থাকলে বায়োডিজেল উৎপাদনের কাঁচামাল হিসেবে পাম অয়েলের আকর্ষণ কমে যায়। তবে ইতিবাচক দিক হলো, জুলাইয়ের প্রথম ১০ দিনে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি আগের মাসের চেয়ে ১ দশমিক ৬ থেকে ৫ দশমিক ১ শতাংশ পর্যন্ত বেড়েছে।

আরও