গতকাল পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশের বহু ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এর আগেও তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে আমাকে যখন দায়িত্ব দেয়া হয়, তখন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন। সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরবর্তী আট বছর আমরা এ ব্যাংকটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম হই। বর্তমানে ২০২৬ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আবারো বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তেমনই কঠিন এক চ্যালেঞ্জের মুখে আমাকে পুনরায় পর্ষদের দায়িত্ব দেয়া হলো। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। আল্লাহর রহমতে অতীতের মতো অচিরেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আবারো ঘুরে দাঁড়াবে।’
নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রহমানের পিতা খলিলুর রহমান কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ডিভিশন, কেডিএস অ্যাকসেসরিজ ডিভিশন, কেডিএস টেক্সটাইল ডিভিশন, কেডিএস স্টিল ডিভিশন, কেডিএস লজিস্টিক ডিভিশন এবং কেডিএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশন। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি। সেলিম রহমান এর আগে ২০২১ ও ২০২৪ সালে দুই মেয়াদে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।