পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা ড. একেএম শাহেদ রেজা তার কাছে থাকা ব্যাংকটির ৪ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৮৭ শেয়ারের মধ্যে ৫৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫২৮ কোটি ৬৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৪ দশমিক ১৯, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক শূন্য ৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৮৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার সর্বশেষ ১০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।