বিশ্বের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন ভারতের একজন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মাদক বেচাকেনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার সকালে ২০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। পরে একই অভিযোগে আটক করা হয় আরো দুজনকে।
মধ্যপ্রদেশের ভিন্দ শহরের পুলিশ জানিয়েছে, ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের মাধ্যমে গাঁজা সরবরাহের দায়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ আনা হয়েছে। মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অ্যামাজানের মাধ্যমে নিবন্ধিত হয়ে গাঁজা বিক্রির সাথে সম্পৃক্ত।
ভিন্দের সুপারিন্টেন্ড অব পুলিশ মনোজ কুমার সিং সাংবাদিকদের জানান, এসিসিএল নামে পরিচালিত অ্যামাজান ইন্ডিয়ার নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক জাতীয় দ্রব্য (এনডিপিএস) আইনের ৩৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। অভিযুক্তরা মোট লাভের দুই তৃতীয়াংশই করতো গাঁজা বিক্রির মাধ্যমে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের একজন ফেইক নাম ও নাম্বার ব্যবহার করে ই কমার্স সাইটটিতে বিক্রেতা হিসাবে নিবন্ধন করে গাঁজা বিক্রি করতো। গ্রেফতারকৃত ব্যক্তি বাবু টেক্স নামে একটি কোম্পানিও গঠন করে। এতে সে লাভ করতো ৬৬ শতাশের বেশি। অভিযোগ উঠেছে, এসব গাঁজা অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম থেকে সরবরাহ হত।
সপ্তাহের শুরুর দিকে অ্যামাজন ইন্ডিয়া ঘোষণা দেয়, তদন্ত চলছে। ভারতে অবৈধ বলে বিবেচিত পণ্য বিক্রির অনুমোদন অ্যামাজান দেবে না।
প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, আমাদের নিবন্ধিত বিক্রেতাদের পণ্য বিক্রির জন্য প্রযোজ্য সকল আইন মানতে হবে। ভারতের প্রচলিত আইন মোতাবেক নিষিদ্ধ কিংবা অবৈধ কোনো পন্যের নিবন্ধন ও বিক্রি অ্যামাজনে নিষিদ্ধ।