নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে পাম অয়েলের বাজার ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে তেলপণ্যটির দাম প্রতি লিটারে ৭ টাকা বেড়েছে। গতকাল নিতাইগঞ্জ বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে পাম অয়েলের আমদানি ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া সরবরাহকারী পর্যায়ে পাম অয়েলের দাম বাড়ায় তেলটির দাম বেড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নিতাইগঞ্জে প্রতি মণ পাম অয়েল বেচাকেনা হচ্ছে ৫ হাজার ১০০ টাকা দরে। দুই সপ্তাহ আগেও যা ছিল ৪ হাজার ৮০০ টাকা দরে। সে হিসাবে দাম বেড়েছে মণপ্রতি ৩০০ টাকা। অন্যদিকে দুই সপ্তাহ আগেও প্রতি লিটারে পাম অয়েল বেচাকেনা হয়েছিল ১১৮ টাকায়। বর্তমানে তা বেড়ে ১২৫ টাকায় হচ্ছে।
তবে খোলা সয়াবিন বাজারে বেচাকেনা হচ্ছে ১৪০ কেজি দরে। দুই মাস ধরে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
নিতাইগঞ্জের ব্যবসায়ী দিলীপ সাহা সাহা জানান, গত দুই মাস সয়াবিন, পাম অয়েল, কোয়ালিটি তেলের বাজার স্থির ছিল। দেশের বৃহৎ একটি প্রতিষ্ঠান সয়াবিন তেল ও পাম অয়েল বাজারে সরবরাহ করত। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজার থেকে সরে পড়ায় অন্য ভোজ্যতেল কোম্পানিগুলো পাম অয়েলের দাম বাড়িয়ে দিয়েছে।
আরেক ব্যবসায়ী জানান, গত ১৭ দিন দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারেননি। তাছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে তেল আমদানিতেও কিছুটা ঘাটতি তৈরি হয়েছে।