লালমনিরহাটে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা

বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করছে সরকার

দেশের অর্থনীতির ওপর বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সংকটের বিশাল চাপ থাকলেও সরকার বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, ‘উত্তর আমেরিকা বা আফ্রিকা—যেখান থেকেই হোক, জ্বালানির সরবরাহ নিশ্চিত করা হবে। এরই মধ্যে এর অর্থায়নও নিশ্চিত করা হয়েছে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে আমরা অত্যন্ত সচেষ্ট।’

লালমনিরহাট জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এ কথা বলেন। এর আগে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন তিনি।

উত্তরাঞ্চলের অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে শিল্পায়নের সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করেছি। এ অঞ্চলে কৃষিজাত পণ্যের ব্যাপক শিল্পায়ন সম্ভব। আলু, ভুট্টা, টমেটো থেকে শুরু করে গবাদিপশুর দুগ্ধজাত পণ্যের শিল্প গড়ে তোলা যেতে পারে। এখানকার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে নদী থেকে প্রাপ্ত প্রচুর নুড়িপাথর ব্যবহার করে গ্লাস কারখানা নির্মাণ করা সম্ভব।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, ‘কৃষিজাত পণ্যের শিল্পায়ন নিশ্চিত করা গেলে এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে ও অর্থনীতি ঘুরে দাঁড়াবে।’

আরও