লিড সনদ পেল দেশের আরো ৪ পোশাক কারখানা

দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের আরো চারটি কারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদ অর্জন করেছে।

এর ফলে দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০টিতে। এর মধ্যে ১২৫টি প্লাটিনাম, ১৪৫টি গোল্ড এবং বাকিগুলো সিলভার ও সার্টিফায়েড পর্যায়ের।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশবান্ধব ও টেকসই ভবনের মানদণ্ড পূরণের ভিত্তিতে এ সনদ দেয়। জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, ভবনের অভ্যন্তরীণ পরিবেশের মান, টেকসই পরিচালনা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব পরিচালনাসহ বিভিন্ন সূচকে মূল্যায়নের পর কারখানাগুলোকে সনদ দেয়া হয়। অর্জিত নম্বরের ভিত্তিতে সার্টিফায়েড, সিলভার, গোল্ড ও প্লাটিনাম—এ চার স্তরে স্বীকৃতি দেয়া হয়।

সবশেষ স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর মধ্যে চট্টগ্রামের নর্থ নাসিরাবাদ শিল্প এলাকার ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড ৯০ পয়েন্ট এবং গাজীপুরের ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড ৮৮ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরের করিম টেক্সটাইলস লিমিটেড ৭৩ পয়েন্ট নিয়ে গোল্ড এবং ঢাকার ধামরাইয়ের করিম টেক্স লিমিটেড ৫৩ পয়েন্ট নিয়ে সিলভার সনদ অর্জন করেছে। চারটি কারখানাই লিড অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স রেটিং পদ্ধতির আওতায় বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পরিবেশবান্ধব মানদণ্ড পূরণ করায় এ স্বীকৃতি পেয়েছে। এ রেটিংয়ে নতুন ভবনের নকশা নয়, বরং পরিচালনাধীন ভবনের বাস্তব পরিবেশগত কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়।

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া শীর্ষ ১০০ লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশের।

আরও