প্রতিষ্ঠানটির টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানের (টিআইপি) আওতায় নতুন স্কিমটি সুদমুক্ত সিকিউরিটিজভিত্তিক বিনিয়োগের সুযোগ দেবে। এ উপলক্ষে গতকাল ঢাকায় আইসিএমএলের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে
প্রধান অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। সভাপতিত্ব করেন আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন। আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএলের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন, উপসচিব ফারজানা জাহানসহ আইসিএমএলের পরিচালনা পর্ষদের সদস্য, আইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
আইসিএমএল জানিয়েছে, ২০২৩ সালের ১ অক্টোবর টিআইপি চালুর পর বিনিয়োগকারীদের ইতিবাচক সাড়া পাওয়া যায়। ফলে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য ‘টিআইপি-সংকল্প’, নারীদের জন্য ‘টিআইপি-সঞ্চিতা’ এবং প্রবাসীদের জন্য ‘টিআইপি-স্বদেশ’ চালু করা হয়। এর ধারাবাহিকতায় সুদমুক্ত সিকিউরিটিজে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের জন্য নতুন স্কিম ‘টিআইপি-সমৃদ্ধি’ বাজারে আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, নতুন স্কিমে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক, বার্ষিক অথবা এককালীন ভিত্তিতে ন্যূনতম তিন বছর বা তার বেশি মেয়াদের জন্য বিনিয়োগ করা যাবে। বিদ্যমান টিআইপি পণ্যগুলোর মতোই এ স্কিমেও বিনিয়োগকারীরা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সহজে হিসাব খুলে বিনিয়োগের সুযোগ পাবেন।
আইসিএমএলের ভাষ্য, দেশের বৃহৎ জনগোষ্ঠীর সুদমুক্ত বিনিয়োগের চাহিদা বিবেচনায় নিয়ে এ পণ্য চালু করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অনলাইন প্লাটফর্মের মাধ্যমে টিআইপি-সমৃদ্ধি স্কিমে হিসাব খুলে বিনিয়োগ করতে পারবেন।