অনুষ্ঠিত হয়েছে ‘বিল্ডিং এ ভাইব্রেন্ট স্টার্টআপ ইকোসিস্টেম’ শীর্ষক গোলটেবিল বৈঠক। গত মঙ্গলবারের এই অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) এবং ওয়ার্ল্ড সোশ্যাল ইনোভেশন ফোরাম (ডব্লিউএসআইএফ)।
এবারের ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে অনলাইনে এই বৈঠকের আয়োজন করা হয়। এটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) বিশ্বব্যাপী প্রচারাভিযানের অংশ।
গোলটেবিলে একটি কার্যকরী ও শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নতির জন্য বর্তমান আইন, নিয়ম ও বিধানের প্রয়োজনীয় উন্নতি ও পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। বক্তারা এ সময় ২০২৫ সালের মধ্যে পাঁচটি ইউনিকর্ন তৈরির পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।
তারা বলেন, বাংলাদেশের স্টার্টআপ বাড়ছে। কিন্তু খাতটি এখনো চ্যালেঞ্জের সম্মুখীন। বর্তমানে বাংলাদেশে ১ হাজার ২০০টির বেশি সক্রিয় স্টার্টআপ রয়েছে। যারা নতুন, উদ্ভাবনী পণ্য ও পরিষেবার মাধ্যমে জনগণের জীবনমানে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।
আরো বলা হয়, দেশের উদ্যোক্তারা ২০২১ ও ২০২২ সালে (২ ত্রৈমাসিক পর্যন্ত) মোট সাড়ে ৫০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে, যার মধ্যে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছ থেকে এসেছে ৪৯ কোটি ৮০ লাখ ডলার। যদিও এখন ক্রমশ পরিণতশীল স্টার্টআপ হটস্পট হিসাবে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে শুরু করেছে, তবে স্টার্টআপের জন্য আরো সহায়তা প্রয়োজন।
গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগ, ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); দুটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থার সাথে যৌথভাবে একটি ত্রিমাত্রিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েস্ট ভেঞ্চারের ম্যানেজিং পার্টনার জেমস ট্যান এবং কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ও ভিসিপিয়াব পরিচালক তানভীর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিসিপিয়াব ভাইস প্রেসিডেন্ট ও সিফ বাংলাদেশ ভেঞ্চারসের ম্যানেজিং পার্টনার আসিফ মাহমুদ।
এছাড়া বক্তব্য রাখেন ডব্লিউএসআইএফের গ্লোবাল স্টিয়ারিং কমিটির সদস্য ও ক্লিক ভেঞ্চারসের (হংকং) ব্যবস্থাপনা পরিচালক কারম্যান চ্যান, ভিসিপিয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ, আইসিএএনএনের বোর্ড সদস্য ও মাইএশিয়াভিসির ম্যানেজিং পার্টনার সাজিদ রহমান, স্ট্র্যাটেক্স প্রোর (নাইজেরিয়া) সিইও ও ডব্লিউএসআইএফের গ্লোবাল স্টিয়ারিং কমিটির সদস্য নোয়েল আকপাতা, ভিসিপিয়াবের ভাইস প্রেসিডেন্ট ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম, ভেলোসিটি এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ভিসিপিয়াবের পরিচালক শওকত হোসেন এবং চালডালের সহপ্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলিমসহ অনেকে।