পূবালী ব্যাংকের শিশু পার্ক শাখার আধুনিকায়ন

শিশু পার্ক শাখার আধুনিকায়নের ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এ এলাকার গ্রাহকরা আরো স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ব্যাংকিং সেবা নিতে পারবেন।

গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও আধুনিক ব্যাংকিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পূবালী ব্যাংক পিএলসি তার শিশু পার্ক শাখাটি আধুনিকায়ন করেছে। রাজধানীর শাহবাগে সম্প্রতি নবসজ্জিত শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। সম্মানিত অতিথি ছিলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, ‘পূবালী ব্যাংকের শিশু পার্ক শাখার আধুনিকায়ন ও নবসজ্জা গ্রাহকসেবার মানোন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ। আধুনিক পরিবেশে ব্যাংকিং সেবা নিশ্চিতের ফলে গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণ আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।’

ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, ‘গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উন্নত ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক কাজ করছে। শিশু পার্ক শাখার আধুনিকায়নের ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এ এলাকার গ্রাহকরা আরো স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ব্যাংকিং সেবা নিতে পারবেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাডাসের মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা। সভাপতিত্ব

করেন ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু পার্ক শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক ফারহানা হক।

উদ্বোধন শেষে অতিথিরা শাখা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ উদ্যোগকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি ব্যাংকের অঙ্গীকারের অংশ হিসেবে উল্লেখ করেছে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ।

আরও