শ্রীলংকায় একটি বন্দর টার্মিনাল নির্মাণে জন কিলস হোল্ডিংসের সঙ্গে কাজ করবে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। বিদেশে এটা ভারতের বিলিয়নেয়ার উদ্যোক্তা গৌতম আদানির বৃহত্তম প্রকল্প হতে যাচ্ছে। খবর ব্লুমবার্গ।
এক বিবৃতিতে আদানি পোর্টস জানায়, কলম্বো বন্দরের ওয়েস্ট কনটেইনার টার্মিনাল নির্মাণে কাজ করার সম্মতিপত্র দিয়েছে শ্রীলংকা কর্তৃপক্ষ। এছাড়া টার্মিনালটিতে ৩৫ বছরের জন্য কাজের ছাড়পত্র পাবে ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর অপারেটরটি। প্রকল্পটি বাস্তবায়নে ৭৫ কোটি ডলার ব্যয় হবে বলে জানান শ্রীলংকা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দায়া রত্নায়াকে।
নতুন এ প্রকল্পের খবরে গতকাল মুম্বাই শেয়ারবাজারে আদানি পোর্টসের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। এতে চলতি বছরে আদানির শেয়ারদর বেড়েছে প্রায় ৫০ শতাংশ। অন্যদিকে কলম্বোয় জন কিলসের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।
বিদেশে বন্দর ও টার্মিনালে কাজ করার মাধ্যমে আদানির বিস্তার এবং বিনিয়োগে বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করছেন গৌতম আদানি। সাম্প্রতিক বছরগুলোয় বিমানবন্দর, কয়লা খনি ও ডাটা সেন্টারে বিনিয়োগ করেছে আদানি।
কলম্বো বন্দরের টার্মিনালটি ১ হাজার ৪০০ মিটার দীর্ঘ এবং ২০ মিটার গভীর হবে। এর মাধ্যমে শ্রীলংকায় প্রথমবারের মতো ভারতীয় কোনো পোর্ট অপারেটর কাজ করার সুযোগ পাচ্ছে। এ যৌথ উদ্যোগের ৫১ শতাংশ নিয়ন্ত্রণ থাকবে আদানি পোর্টসের হাতে।