চট্টগ্রাম বন্দর

পিসিটি থেকে এসসিওয়াইতে কনটেইনার স্থানান্তর শুল্কায়নের অনুমতি

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) থেকে সাউথ কনটেইনার ইয়ার্ডে (এসসিওয়াই) কনটেইনার স্থানান্তর ও সেখানে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করার সাময়িক অনুমতি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) থেকে সাউথ কনটেইনার ইয়ার্ডে (এসসিওয়াই) কনটেইনার স্থানান্তর ও সেখানে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করার সাময়িক অনুমতি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনার আলোকে কাস্টমস হাউজ, চট্টগ্রামের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) এইচএম কবির স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ রোববার জারি করা হয়।

এর আগে এনবিআরের পত্র ও আরএসজিটি বাংলাদেশ লিমিটেডের অনুরোধের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হয়। আদেশে বলা হয়, এনবিআরের চিঠিতে উল্লেখিত শর্তাবলি অনুসরণ করে কার্যক্রম সম্পন্ন করতে হবে।

কাস্টমস হাউজের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পিসিটিতে থাকা কনটেইনার এসসিওয়াইতে স্থানান্তর হবে এবং সেখানেই শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন কাস্টমস কর্মকর্তারা।

ফলে বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে উল্লেখ করে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘এ উদ্যোগের ফলে পিসিটি থেকে এসসিওয়াইতে কনটেইনার স্থানান্তর সহজ হবে। ফলে বন্দরের চাপ কিছুটা কমবে ও শুল্কায়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নতুন বেসরকারি টার্মিনাল পিসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ লিমিটেড।

আরও