সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শুকনো হলুদ আমদানি কমেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার এ বন্দর দিয়ে মসলাপণ্যটির আমদানি কমেছে সাড়ে তিন হাজার টনেরও বেশি। ভারতে সরবরাহ ঘাটতির পাশাপাশি দাম বাড়ায় সম্প্রতি শুকনো হলুদ আমদানি কমেছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ী ও আমদানিকারকরা।
ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এ বন্দর দিয়ে ২ হাজার ৮২৪ টন শুকনো হলুদ আমদানি হয়েছে, যার মূল্য ৫৩ কোটি ৬৪ লাখ টাকা। অথচ গত ২০২৫-২৬ অর্থবছরের একই প্রান্তিকে ১০৪ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের ৬ হাজার ৩৫৯ টন হলুদ আমদানি হয়েছিল। সে হিসাবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্যটির আমদানি কমেছে ৩ হাজার ৫৩৫ টন।
ভোমরা বন্দরের মসলা আমদানিকারকরা জানান, ভারতের পাইকারি বাজারে সরবরাহ ঘাটতির পাশাপাশি মূল্যবৃদ্ধি পাওয়ায় পণ্যটির আমদানি কমে গেছে। এদিকে বন্দরে আমদানি কমে যাওয়ার প্রভাবে সাতক্ষীরার স্থানীয় বাজারে গুঁড়া হলুদের দাম বেড়েছে। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি গুঁড়া হলুদ বিক্রি হয়েছে ৩২০ টাকায়, যা এক মাস আগে ছিল ২৯০-৩০০ টাকা।
সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আবদুল্লাহ বাজারে গুঁড়া হলুদের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।