চলতি ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকগুলোর জন্য ৩৯ হাজার কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ খাতের পর্যাপ্ত ঋণ প্রবাহ নিশ্চিতে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি গত অর্থবছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা।
এ সময় গভর্নর বলেন, কৃষি ঋণ বিতরণে কোনো অনিয়ম হয় কিনা সেটি কেন্দ্রীয় ব্যাংক দেখবে। কৃষির সঙ্গে যারা যুক্ত, তাদের কাছে নাকি দালাল শ্রেণীর কাছে যায় তা তদারকি করা হবে।
কৃষি বিমা প্রসঙ্গে গভর্নর বলেন, বাংলাদেশের বাস্তবতায় কৃষি বীমা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে হয়। আমাদের যে বীমাগুলো আছে, সেগুলোই ঠিকমত চালাতে পারছি না। ব্যাংকগুলো কৃষি বীমা চালাতে পারবে বলে মনে হয় না। চালাতে পারলে খুবই ভালো।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিভিন্ন ব্যাংকের এমডি ও সিইওরা ছিলেন।