দুবাইয়ের মেইদানে গড়ে উঠছে নতুন আইকনিক ভবন ‘দ্য সিম্ফনি’। প্রকল্পটির নকশায় ব্যবহার করা হয়েছে আধুনিকতার ছোঁয়ায় আরব আমিরাতের ঐতিহ্যবাহী সাদু বুনন ও তালি সূচিকর্মের জ্যামিতিক উপস্থাপন। এসব উপাদানকে সমসাময়িক স্থাপত্যে রূপ দিয়েছে বৈশ্বিক নকশাকার প্রতিষ্ঠান জাহা হাদিদ আর্কিটেক্টস। ফলে ভবনটিতে স্থানীয় শিল্পধারা ও ভবিষ্যৎধর্মী স্থাপত্য—দুটিরই উপস্থিতি স্পষ্টভাবে ফুটে উঠবে।
১০০ কোটি দিরহাম বা ২৭ কোটি ২০ লাখ ডলারের প্রকল্পটি এরই মধ্যে ইমতিয়াজ ডেভেলপমেন্টসের মেইদান এলাকার সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে। চার হাজার বর্গমিটারের বেশি জায়গায় গড়ে উঠছে বিলাসবহুল আবাসন, ব্যবসায়িক স্থান ও অফিস ইউনিট। আবাসনের দাম শুরু ২০ লাখ দিরহাম থেকে, আর পেন্টহাউজের দাম উঠতে পারে ২ কোটি দিরহাম পর্যন্ত।
উন্মোচনের মুহূর্তটিও ছিল দুবাইয়ের স্বভাবসিদ্ধ আড়ম্বরপূর্ণ। কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন অংশীদার, বিনিয়োগকারী ও শিল্প খাতের নেতারা। মঞ্চে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। অনুষ্ঠানেই ঘোষণা করা হয়, ‘দ্য সিম্ফনি’ শুধু নতুন আবাসিক প্রকল্প নয়; এটি হতে যাচ্ছে ইমতিয়াজের ভবিষ্যৎ যাত্রার প্রতীক।
প্রকল্পটির নকশা মূলত স্থাপত্য ও স্থানীয় সাংস্কৃতিক বিবর্তনের গল্প বলে। জাহা হাদিদ আর্কিটেক্টসের পরিচালক জিয়ানলুকা রাকানা বলেন, ‘দুবাই সবসময় নতুন কিছু করতে চায়, আর দ্য সিম্ফনি সে ভাবনাকে সামনে আনছে। আধুনিক প্রযুক্তি ও স্থানীয় শিল্পধারার সংমিশ্রণ ভবিষ্যতের নগরজীবন কেমন হতে পারে, সে ধারণা দেয় প্রকল্পটি।’
ইমতিয়াজ ডেভেলপমেন্টস জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দ্য সিম্ফনির নির্মাণকাজ শুরু করার লক্ষ্য রয়েছে। আর ২০২৯ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রকল্পটি শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভবনটি প্রস্তুত হলে এটি বিশ্বের উচ্চসম্পদশালী ক্রেতা ও নকশাবান্ধব বিনিয়োগকারীদের কাছে দুবাইয়ের নতুন আকর্ষণ হয়ে উঠবে।
খবর অ্যারাবিয়ান বিজনেস