চলতি বছরের শুরুতে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। ৮ মাস পর ফের ৯ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতির হার।
দেশে গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ। এর আগে ২০২৫ সালে মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ ফেব্রুয়ারির মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, দেশে টানা চার মাস ধরে মূল্যস্ফীতি বেড়েছে।
বিবিএসের তথ্যমতে, গত ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩ শতাংশ। জানুয়ারি এ খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। টানা পাঁচ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। অন্যদিক ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১ শতাংশ। জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ।