কর্মসংস্থান, দক্ষতা ও সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে ইউনিসেফ ও সিটি ব্যাংক

চুক্তির আওতায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা বাজারচাহিদাভিত্তিক প্রশিক্ষণ, ক্যারিয়ার কোচিং, স্থানীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবে

বাংলাদেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান, দক্ষতা ও উদ্যোগ বাড়াতে অংশীদারত্ব চুক্তি করেছে ইউনিসেফ ও সিটি ব্যাংক। দেশের সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের, বিশেষ করে মেয়েদের কর্মসংস্থান ও উদ্যোগে দক্ষতা অর্জনে সহায়তা করাই এ চুক্তির লক্ষ্য।

সম্প্রতি সিটি আয়োজিত এক অনুষ্ঠানে এ অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মাহিয়া জুনেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআইও কাজী আজিজুর রহমান, ব্র্যান্ড ও মার্কেটিং প্রধান শাহরিয়ার জামিল খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা বাজারচাহিদাভিত্তিক প্রশিক্ষণ, ক্যারিয়ার কোচিং, স্থানীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবে। তরুণ প্রজন্মের টেকসই জীবিকা গড়ে তুলতে প্রকল্পটি বাস্তবভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ শিক্ষার ওপর গুরুত্ব দেবে।

ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, সিটি ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্ব কেবল দক্ষতায় নয়, এটি শিশুদের আশায় বিনিয়োগ।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ইউনিসেফ দীর্ঘদিন ধরে শিশু ও তরুণদের জীবনমান উন্নয়নে অসাধারণ কাজ করছে। এ অর্থবহ অংশীদারত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

-বিজ্ঞপ্তি

আরও