বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ৫০৫ কোটি ৫৬ লাখ টাকা কর-পরবর্তী লোকসান করেছে। এ সময়ে কোম্পানিটির সংরক্ষিত আয়ও ঋণাত্মক অবস্থানে রয়েছে। ফলে আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরে ডেসকোর মোট পরিচালন আয় হয়েছে ৫৩৪ কোটি ৫০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে পরিচালন আয় ছিল ৪২১ কোটি ১৬ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে মুদ্রা বিনিময় হারের ওঠানামার কারণে কোম্পানিটির লোকসান হয়েছে ২৪৩ কোটি ১২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৪২৮ কোটি ৪৭ লাখ টাকা।
২০২৩-২৪ হিসাব বছরে ডেসকোর কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ৫০৫ কোটি ৫৬ লাখ টাকায়। যেখান আগের হিসাব বছরে নিট লোকসান ছিল ৫৪১ কোটি ২১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, যেখানে আগের হিসাব বছরে এ লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সংরক্ষিত আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ১৫৩ কোটি ৯৩ লাখ টাকায়। যেখানে গত বছরের ৩০ জুন শেষে ৩৫৩ কোটি ২২ লাখ টাকা সংরক্ষিত আয় ছিল কোম্পানিটির। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডেসকোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা, যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৫৯ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ডেসকোর পর্ষদ। ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডেসকো। এর আগে ৩০ জুন ২০১৯-২০ হিসাব বছরেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এর আগের হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। তার আগের দুই বছরে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ডেসকোর ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেসকো লিমিটেডের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬১৪ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৬৭ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৭৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৪ শতাংশ ও বাকি ৮ দশমিক ৫২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ডেসকোর শেয়ার সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২১ টাকা ৯০ পয়সা থেকে ৩৬ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।