ভারতে জ্বালানি তেল সরবরাহে সৌদি আরবকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল যুক্তরাষ্ট্র। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে জ্বালানি তেল সরবরাহে শীর্ষস্থানটি ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। খবর রয়টার্স।
ভারতীয় পরিশোধকরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অপেক্ষাকৃত কম দামে অধিক পরিমাণ অপরিশোধিত তেল কেনার ফলে সরবরাহকারীদের তালিকা ওলট-পালট হয়ে যায়। এ সময় ওপেক ও তার সহযোগী ওপেক প্লাসের কাছ থেকেও দেশটি জ্বালানি তেল অনেক কম কিনেছে।
বিশ্বের শীর্ষ উৎপাদনকারী যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফেব্রুয়ারিতে প্রতিদিন ৫ লাখ ৪৫ হাজার ৩০০ ব্যারেল জ্বালানি তেল কিনেছে ভারত, যা আগের মাসের চেয়ে ৪৮ শতাংশ বেশি। গত মাসে ভারতের মোট আমদানির ১৪ শতাংশই আসে যুক্তরাষ্ট্র থেকে। বিপরীতে ফেব্রুয়ারিতে সৌদি থেকে ভারতের জ্বালানি তেল আমদানি কমেছে ৪২ শতাংশ, যা প্রতিদিন ৪ লাখ ৪৫ হাজার ব্যারেল এবং এক দশকের মধ্যে সর্বনিম্ন। এ কারণে ২০০৬ সালের পর এই প্রথম চার নম্বরে নেমে গেছে সৌদি আরব।
আগের পাঁচ মাসে ভারতে জ্বালানি তেল সরবরাহ ২৩ শতাংশ কমে যায় ইরাকের। এর পরও তালিকায় তারাই এক নম্বর স্থানটি ধরে রেখেছে।