২০২৫ সালের জন্য ঘোষিত ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশের অংশ হিসেবে সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা দিয়েছে গ্রামীণ ব্যাংক। গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ লভ্যাংশের চেক হস্তান্তর করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আকতার হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও মো. রেজাউল করিম চৌধুরী এবং কোম্পানি সচিব আব্দুস সবুর মো. বাকিউস উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংক জানায়, শেয়ারহোল্ডারদের মধ্যে ঋণগ্রহীতা সদস্যদের মালিকানা ৯০ শতাংশ এবং সরকারের ১০ শতাংশ। ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর অংশ হিসেবে সরকারের মালিকানাধীন শেয়ারের বিপরীতে এ অর্থ দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।