প্রথমবারের মতো ভবনের সামনে, বাস ও ট্যাক্সিতে বিজ্ঞাপনের অনুমতি দিয়েছে রিয়াদ। নগর উন্নয়ন শাখা রেমাত আল-রিয়াদ ডেভেলপমেন্ট কোম্পানি শহরে আউটডোর বিজ্ঞাপনে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
রিয়াদের বিনিয়োগ ও বেসরকারীকরণবিষয়ক ডেপুটি মেয়র সালমান আল দাহমাশ জানিয়েছেন, বিজ্ঞাপনের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়েছে। পরিকল্পনায় বিজ্ঞাপন বিন্যাস নতুন করে সাজানো হয়েছে। বিল্ডিং ফ্রন্ট, নিষ্ক্রিয় জমি, পাবলিক ট্যাক্সি ও বাসে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। ফলে শহরের নান্দনিকতা বাড়বে এবং রাস্তায় বিলবোর্ডের অনিয়ন্ত্রিত বিস্তার রোধ করা যাবে। এছাড়া এ উদ্যোগ শহরের ল্যান্ডস্কেপ উন্নত, ডিজিটাল রূপান্তর, আর্থিক টেকসইতা অর্জন ও নগর উন্নয়নে ভূমিকা রাখবে।
আল দাহমাশ আরো জানান, রেমাত আল-রিয়াদ ডেভেলপমেন্ট কোম্পানি এ সুবিধাগুলো প্রদান করবে। এ লক্ষ্যে কোম্পানিটি উদ্ভাবনী বিনিয়োগ মডেলের মাধ্যমে বেসরকারি খাতের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চায়।
প্রথম দিকে কিং ফাহাদ রোড, প্রিন্স তুর্কি বিল আবদুল আজিজ আলাওয়াল রোড ও নর্দার্ন রিং রোডসহ শহরের প্রিমিয়াম রোডের বিল্ডিং ফ্রন্টে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। পাশাপাশি অব্যবহৃত জমি বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে।