দেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা, এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) প্রতিষ্ঠাকালীন পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক জানিয়েছে বিসিআই।
আজ বুধবার (১২ মার্চ) সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বিসিআই পরিচালনা পর্ষদ ও সব সদস্যের পক্ষে শোক প্রকাশ করেন। শোক বার্তায় বিসিআই সভাপতি বলেন, তার মৃত্যুতে আমরা আমাদের একজন প্রিয় অভিভাবককে হারালাম।
উনার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। মঞ্জুর এলাহী এ দেশের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বিশাল অবদান রেখে গেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের শোকার্ত সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সবার সহায় হোন।
বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ মঞ্জুর এলাহী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।