এখনো এফ-ওয়ান রেসের উপযুক্ত নয় বৈদ্যুতিক গাড়ি

জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সব থেকে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। প্রথম বিশ্বের দেশগুলোয় এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এ ধরনের গাড়ি।

জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সব থেকে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। প্রথম বিশ্বের দেশগুলোয় এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এ ধরনের গাড়ি। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির উৎপাদনও। তবে পরিবহনের মাধ্যম হিসেবে খ্যাতি কুড়ালেও ফর্মুলা ওয়ান মোটর রেসিংয়ের জন্য এখনো প্রস্তুত নয় বৈদ্যুতিক গাড়ি।

নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশনের (এফআইএ) বিদায়ী সভাপতি জিন টড বাঁকা হাসি হেসে বলেই ফেলেন, ‘এ মুহূর্তে এমনটা সম্ভব নয়।’

এফ ওয়ান রেসিংয়ে বৈদ্যুতিক গাড়ি কেন অনুপযুক্ত? খুব সহজভাবেই এর জবাব দিয়েছেন জিন টড। তিনি জানান, ফর্মুলা ওয়ান গাড়ির মোটর রেসিং ২০০ মাইলব্যাপী (৩০৫ কিলোমিটার) অনুষ্ঠিত হয়। রিচার্জ করা ছাড়া বৈদ্যুতিক গাড়ি চলতে পারে না। ২০০ মাইল রেসের মাঝপথে গাড়িগুলোকে অবশ্যই ব্যাটারি রিচার্জ করতে হবে, যা খেলায় ব্যাঘাত ঘটাবে। হয়তো ২০ বা ৩০ বছর পর এফ ওয়ান রেসিংয়ের ক্ষেত্রে এ ধরনের গাড়ি উপযুক্ত হবে।

৭৫ বছর বয়েসী ফরাসি জিন টড আন্তর্জাতিক মোটরস্পোর্ট ময়দানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ২০০৯ সালে তিনি এফআইএর সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ ১২ বছর এ পদেই বহাল ছিলেন তিনি। তবে আগামী মাসেই নবনিযুক্ত সভাপতি আসন গ্রহণ করতে যাচ্ছেন।

বিশ্বজুড়ে মোটর রেসিং সিরিজ ও প্রতিযোগিতা পর্যবেক্ষণ করে এফআইএ। রেস ছাড়াও সড়কের নিরাপত্তা ও সংরক্ষণের বিষয়েও সোচ্চার সংস্থাটি। এ মুহূর্তেই বৈদ্যুতিক গাড়ির রেসের বাস্তবতা না থাকলেও এ সম্ভাবনাকে উড়িয়ে দিতে নারাজ টড। আজ থেকে ৮০ বছর আগেও এক গাড়িতে ৪৫ মিনিট রেস করা ছিল কল্পনাতীত। অর্ধেক পথে চালককে গাড়ি পরিবর্তন করতে হতো। গাড়ির প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বর্তমানে সেই প্রতিবন্ধকতা দূর হয়েছে। সাত বছর আগে ফর্মুলা ওয়ান রেসিংয়ের গাড়িতে নতুন ইঞ্জিনের সংযোজন বাধ্যতামূলক করে এফআইএ।

এদিকে বৈদ্যুতিক গাড়ি চার্জের সময়ও কমে আসছে। তাই প্রযুক্তিবলে ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতাও সম্ভব। তবে জিন টড বলেন, মোটর রেসিং নতুন প্রযুক্তির গবেষণাগার নয়। বিশেষত ফর্মুলা ওয়ান রেসিংয়ের ক্ষেত্রে কয়েকশ কোটি পাউন্ড ব্যয় হয়।

ফর্মুলা ওয়ান রেসিংয়ের ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার না হলেও স্বল্প পরিসরের ফর্মুলা ই রেসিংয়ে এ ধরনের গাড়ির প্রতিযোগিতাই হয়ে থাকে। ১০ বছর আগে প্যারিসে নৈশভোজে বসে বৈদ্যুতিক গাড়ি রেসিংয়ের প্রতিযোগিতার পরিকল্পনা করেছিলেন জিন টড। সে সময় আরো উপস্থিত ছিলেন স্প্যানিশ ব্যবসায়ী আলেজান্দ্রো অ্যাগাগ ও ইউরোপীয় ইউনিয়ন কমিশনার আন্তোনিও তাজানি। রেস্তোরাঁয় বসে একটি রুমালে ফর্মুলা ই রেসিংয়ের একটি খসড়া পরিকল্পনা করেন টড। ফর্মুলা ই রেসিংয়ের অষ্টম মৌসুমের প্রস্তুতি চলছে।

ফর্মুলা ই-এর মতো ফর্মুলা ওয়ানে বৈদ্যুতিক গাড়ির রেসিং চালুর বাস্তবতা না থাকলেও হাইব্রিডাইজেশনের ফলে পরিবেশগতভাবে উন্নত হবে রেসিং। তবে জিন টডের বক্তব্য, ভবিষ্যতে এফ ওয়ান রেসিংয়ে কার্বন ডাই-অক্সাইড নির্গমন শূন্য করার লক্ষ্যমাত্রার পরিকল্পনা আছে এফআইএর।

এছাড়া মোটরস্পোর্টে আরো বৈচিত্র্য আনার কথাও ভাবছে সংস্থাটি। ২৯ বছর আগে প্রথমবারের মতো কোনো নারী চালক এফওয়ান রেসিংয়ের চেষ্টা করেন। তবে সে কার্যসিদ্ধি না হলেও ২০১০ সালে নারীদের মোটরস্পোর্ট কমিশন প্রতিষ্ঠিত করা হয়। ২০১৯ সালে নারীদের ফর্মুলা থ্রি গাড়ির রেস হিসেবে ডব্লিউ সিরিজের আয়োজন করা হয়। ভবিষ্যতে এফ ওয়ান রেসিংয়ে নারীদের অংশগ্রহণের বিষয়ে আশাবাদী এফআইএর বিদায়ী সভাপতি।

আরও