বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ ভূমি ও ভূমি উন্নয়নসংক্রান্ত পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। কাশেম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির মোট ভূমি ও ভূমি উন্নয়নের মূল্য ৮১ কোটি ৪৩ লাখ বেড়ে ২১৮ কোটি ৮২ লাখ টাকায় দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯১ পয়সা। এদিকে ২০২৩-২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৩৩ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ২০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৫০ পয়সায়।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ৫০ ও ২০ টাকা ৬০ পয়সা।