পূর্ব জাপানের একটি ইস্পাত কারখানার কার্যক্রম স্থগিত করছে নিপ্পন স্টিল করপোরেশন। আগামী বছর ওয়াকাইয়ামা থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেবে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক মহারারীর কারণে দেশটিতে উৎপাদিত স্টিলের চাহিদা কমে যাওয়ায় এ পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। খবর কিওডো।
দেশটির সর্ববৃহৎ ইস্পাত উৎপাদক এ সংস্থাটি বর্তমানে জাপানের ১৪টি ফার্নেসে (চুল্লি) তাদের কার্যক্রম পরিচালনা করছে। গত সেপ্টেম্বরে শিপমেকিং শহর হিসেবে পরিচিত হিরোশিমা প্রদেশের কুরির কার্যক্রম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরে ওয়াকাইয়ামা শহরে অবস্থিত তাদের অপর চুল্লিটিও বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে নিপ্পন।
টোকিও শহরের উত্তর-পূর্ব কাশিমায় অবস্থিত দুটি চুল্লির একটি বন্ধ করার মাধ্যমে তাদের কার্যক্রম ১০টি ফার্নেসে নেমে আসবে। জাপানের এ ইস্পাত জায়ান্টটি বন্ধ হয়ে যাওয়া কাশিমা কারখানার তিন হাজার শ্রমিককে অন্য কারখানায় নিয়োগ করার পরিকল্পনা করছে।
করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে জাপানের ইস্পাত উৎপাদনকারী সংস্থাটি চাপের মুখে রয়েছে। উৎপাদন বন্ধ থাকায় গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা সীমিত করে ফেলে। এ কারণে ইস্পাতের বাজারে মন্দা দেখা দেয়।