এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি ফেব্রুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। তবে শক্তিশালী এ চাহিদার মধ্যেই ভূরাজনৈতিক কারণে সরবরাহকারী দেশগুলোর তালিকায় বড় পরিবর্তন আসতে শুরু করেছে। বিশেষ করে ভারত ও চীনের মতো বড় আমদানিকারক দেশগুলো অপরিশোধিত জ্বালানি তেলের উৎস বদলে ফেলছে। পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্যে এ চিত্র উঠে এসেছে। খবর রয়টার্স।
কেপলারের হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ আমদানিকারক অঞ্চল এশিয়ায় ফেব্রুয়ারিতে সমুদ্রপথে দৈনিক গড়ে ২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আসতে পারে। দৈনিক ভিত্তিতে এটি এ যাবতকালের রেকর্ড সর্বোচ্চ আমদানি। এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতেও আমদানির পরিমাণ ছিল উল্লেখযোগ্য। এ বড় আকারের চাহিদার মূলে রয়েছে বিশ্বের প্রথম ও তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ চীন ও ভারত।
তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এশিয়ার এ জ্বালানি তেলের বাজারে নতুন মেরুকরণ তৈরি করছে। ভারতের ক্ষেত্রে এ পরিবর্তন সবচেয়ে বেশি স্পষ্ট। কেপলারের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ভারত রাশিয়া থেকে মার্চে দৈনিক মাত্র ৫ লাখ ৯৩ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে পারে। ফেব্রুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে রাশিয়ার জ্বালানি তেল আমদানি কমছে প্রায় ৫৯ শতাংশ। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক চুক্তির পর রুশ জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি কমার সুবিধা পাচ্ছে সৌদি আরব। ভারতে সৌদি জ্বালানি তেলের আমদানি ফেব্রুয়ারিতে বেড়ে দৈনিক ১০ লাখ ৩০ হাজার ব্যারেলে পৌঁছতে পারে। ২০১৯ সালের পর এটি সর্বোচ্চ আমদানির রেকর্ড। বাজার দখল ও প্রতিযোগিতায় টিকে থাকতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সৌদি আরামকো জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) ২০২০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে।
অন্যদিকে রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতা হিসেবে অবস্থান ধরে রেখেছে চীন। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও বড় অংকের মূল্যছাড় পাওয়ায় চীন রুশ জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে। কেপলারের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে চীন রাশিয়া থেকে রেকর্ড ২০ লাখ ২০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। ২০১৩ সালের পর চীন কর্তৃক রুশ জ্বালানি তেল আমদানির এটি সর্বোচ্চ রেকর্ড। তবে দেশটি মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে।