অর্থ আইন ২০২৬ নিয়ে আইসিএসবির আলোচনা সভা

অর্থ আইন ২০২৬ কার্যকরের পর কর, ভ্যাট, শুল্ক ও করপোরেট কমপ্লায়েন্স ব্যবস্থার প্রয়োগ ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে পেশাজীবীদের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

১৪ জুলাই অনুষ্ঠিত ‘অর্থ আইন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির সাবেক সভাপতি ও প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির সভাপতি হোসেন সাদাত ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশন সরওয়ার আলম।

উদ্বোধনী বক্তব্যে হোসেন সাদাত বলেন, ‘রাজস্ব ব্যবস্থায় ধারাবাহিক পরিবর্তনের কারণে পেশাজীবীদের নিয়মিতভাবে আইন ও বিধিমালার সর্বশেষ সংস্করণের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখা অপরিহার্য। কার্যকর কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি করপোরেট পর্যায়ে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণেও এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

মূল প্রবন্ধে সরওয়ার আলম অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), ট্যাক্স কমপ্লায়েন্স, কর প্রণোদনা ও বিভিন্ন নিয়ন্ত্রক কাঠামোয় আনা সংশোধনীগুলোর বিশদ পর্যালোচনা উপস্থাপন করেন। একই সঙ্গে নতুন বিধানগুলো ব্যবসাপ্রতিষ্ঠান, করদাতা ও পেশাজীবীদের কার্যক্রমে কী ধরনের প্রভাব রাখতে পারে তারও বিশ্লেষণ তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সেক্রেটারি খন্দকার আবু জাফর সাদিক কর রেয়াত সুবিধা অর্জনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘ডিজিটাল আর্থিক লেনদেন উৎসাহিত করতে অর্থ আইন ২০২৬-এ অন্তর্ভুক্ত বিভিন্ন উদ্যোগ দীর্ঘমেয়াদে কর ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়ক হবে।‘

অন্যদিকে ভ্যাট ও শুল্কসংক্রান্ত পরিবর্তন নিয়ে বক্তব্য দেন টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস, ভ্যাট অ্যান্ড ট্যাক্স) মো. শাহেদুল আমিন। তিনি ভ্যাট নিবন্ধন পদ্ধতি, অব্যাহতি সুবিধা, ভ্যাট অনার কার্ড, বৈদেশিক চুক্তি, ফ্রি ট্রেড জোন ও কাস্টমস এজেন্ট লাইসেন্সিং-সংক্রান্ত সংশোধনীগুলোর ব্যবহারিক দিক তুলে ধরেন।

আইসিএসবির ট্যাক্সেশন অ্যান্ড ফিসকল ল সাব-কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম ব্যক্তিগত আয়কর, কর রেয়াত, ত্রৈমাসিক রিটার্ন ও মাসিক কর পরিশোধসংক্রান্ত পরিবর্তনগুলো ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি জানান, সদস্যদের পেশাগত সক্ষমতা উন্নয়নে আইসিএসবি ভবিষ্যতেও প্রাক-বাজেট ও বাজেট-পরবর্তী কারিগরি আলোচনা অব্যাহত রাখবে।

সমাপনী বক্তব্যে মোহাম্মদ সানাউল্লাহ করপোরেট কর ব্যবস্থা, বাধ্যতামূলক লভ্যাংশ, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন), তামাকজাত পণ্যের কর, বিনিয়োগ কর রেয়াত ও আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পরিশোধের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘অর্থ আইন ২০২৬-এর মূল দর্শন হলো কর ব্যবস্থা সহজীকরণ, ডিজিটাল কর পরিশোধে উৎসাহ প্রদান, বিনিয়োগ ও উদ্ভাবনের অনুকূল পরিবেশ সৃষ্টি, ট্যাক্স কমপ্লায়েন্স জোরদার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা।’

আরও