দেশের পোশাকখাতকে অক্সিজেন দিয়ে বাঁচানোর সময় এখন আর নেই। সেক্টরটি অনেকটা আইসিইউতে চলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ‘স্পিনিং সেক্টরে দীর্ঘদিন বিদ্যমান বহুবিধ সমস্যা ও তা থেকে উত্তরণে সরকারের করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের নিমিত্তে’ মতবিনিময় সভায় মোহাম্মদ আলী খোকন এসব কথা বলেন। মতবিনিময় সভাটির আয়োজন করেছে বিটিএমএ।
সংগঠনের সাবেক এ সভাপতি আরো বলেন, প্রায় ২২ বিলিয়ন ডলারের এ খাতকে আইসিইউ থেকে বের করার জন্য সরকারকে অচিরেই পদক্ষেপ নিতে হবে।
সভায় আরো বক্তব্য দেন বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার প্রমুখ।