বেনাপোল বন্দর

ভারত থেকে দেড় মাসে এল সাড়ে ১৩ হাজার টন চাল

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত দেড় মাসে বেনাপোল স্থলবন্দরে এসেছে ১৩ হাজার ৫২৮ টন চাল।

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত দেড় মাসে বেনাপোল স্থলবন্দরে এসেছে ১৩ হাজার ৫২৮ টন চাল। এর মধ্যে গত ২১ আগস্ট প্রথম চালানে নয়টি ট্রাকে আসে ৩১৫ টন চাল। সর্বশেষ ১৮ নভেম্বর পর্যন্ত ১৪৫টি চালানের বিপরীতে ৩৯৫টি ট্রাকে করে মোট ১৩ হাজার ৫২৮ টন মোটা চাল বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।

দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। এর মধ্যে আগস্টে ১ হাজার ২৬০ টন, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৩৫ টন, অক্টোবরে ৫ হাজার ১৮৮ টন ও নভেম্বরে ১ হাজার ৬৪৫ টন চাল এসেছে।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, প্রথমদিকে চাল আমদানির পরিমাণ বেশি থাকলেও বর্তমানে অনেকাংশে কমে গেছে। তবে দেশের বিভিন্ন বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বর্তমানে চাল আমদানি কমে গেলেও তাতে তেমন সমস্যা হবে না। কারণ এরই মধ্যে কৃষকরা আমন ধান কাটতে শুরু করেছে। এ ধান বাজারে এলে চালের দাম কমে আসবে ও ঘাটতি পূরণ হবে।’

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, আমদানীকৃত চাল পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।

আরও