চার বছরের বেশি সময় পর সুদহার কমল নিউজিল্যান্ডে

চার বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবার অফিশিয়াল ক্যাশ রেট (ওসিআর) বা কেন্দ্রীয় ব্যাংকে ঋণ বা আমানতের ওপর সুদহার কমাল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।

চার বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবার অফিশিয়াল ক্যাশ রেট (ওসিআর) বা কেন্দ্রীয় ব্যাংকে ঋণ বা আমানতের ওপর সুদহার কমাল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। এ সিদ্ধান্তের কারণে স্থানীয় মুদ্রা কিউই ডলারের বিনিময় হারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংক আরো জানিয়েছে, আগামী মাসগুলোয় মূল্যস্ফীতির চাপ কমা সাপেক্ষে সুদহারে আরো কাটছাঁট আসবে। খবর রয়টার্স।

ওসিআর হলো কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত মূল সুদহার, যা ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি ঋণ ও ঋণের সুদহারকে প্রভাবিত করে।

প্রতিবেদন অনুসারে, রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড (আরবিএনজেড) ২০২০ সালের মার্চে নির্ধারিত ওসিআর দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। এছাড়া মূল্যস্ফীতি প্রত্যাশিত ১-৩  শতাংশের লক্ষ্য অর্জন করলে আরো কয়েক দফায় সুদহার কমতে পারে।

অনেক অর্থনীতিবিদ পূর্বাভাসে বলেছিলেন, কেন্দ্রীয় ব্যাংক সুদহার অপরিবর্তিত রাখবে। কিন্তু আরবিএনজেড এখন মুদ্রানীতি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতের মূল্যস্ফীতির প্রবণতার ওপর নির্ভর করে ২০২৫ সালের মধ্যে আরো সহজীকরণ কৌশলের দিকে এগোতে পারে আরবিএনজেড।

এ বিষয়ে এক বিবৃতিতে আরবিএনজেড বলছে, ওসিআর কমানোর মাধ্যমে কমিটি মুদ্রানীতি সহজ করতে একমত হয়েছে।

সুদহার কমার এ ঘোষণা প্রকাশ্যে আসতে ডলারের বিপরীতে কিউই ডলারের বিনিময় হারে ১ শতাংশ পতন ঘটে। 

এএসবি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নিক টাফলি পূর্বাভাস দিয়েছেন, আরবিএনজেড পরবর্তী বৈঠকগুলোয় ক্রমাগতভাবে ২৫ বেসিস পয়েন্টে সুদহার কাটতে থাকবে। তিনি বলেন, ‘যদি মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় আরো দ্রুত কমে, তবে কেন্দ্রীয় ব্যাংককে প্রায় ৩ দশমিক ২৫ শতাংশ হারের ভারসাম্যপূর্ণ স্তরে পৌঁছতে হবে।’

এরই মধ্যে কিউই ব্যাংক  ও এএনজেড ব্যাংকের পাশাপাশি বন্ধকি ঋণের সুদহার কমানোর ঘোষণা দিয়েছে এএসবি ব্যাংক।

ওসিআর কমানোর পাশাপাশি সতর্কতা বার্তাও দিয়েছে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ ক্যাশ রেট ৩ দশমিক ৮৫ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। তবে ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ অভিজিৎ সূর্য বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক নীতি সহজ করার বিষয়ে সতর্কতার সুরে কথা বললেও আমরা মনে করি পূর্বাভাসের চেয়ে বেশি হারে সুদ কমিয়ে আনবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অর্থনীতি নিয়ে কিছুটা হতাশার সুরে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যাড্রিয়ান অর। তিনি জানান, মে মাস থেকে প্রবৃদ্ধি মন্থর রয়েছে। ওই সময় পণ্যের দাম বৃদ্ধির হারও তুলনামূলক ধীরগতিতে ছিল। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুসারে, টানা দুই প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হয়ে দেশটি মন্দার কবলে পড়তে পারে।

এদিকে আরবিএনজেডের বার্তা অনুসারে, আগামী বছরের মাঝামাঝিতে সুদহার আরো কমতে পারে। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ওসিআর ৪ দশমিক ৯ ও ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৪ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে। 

আরও