২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওয়ান ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি

ওয়ান ব্যাংক পিএলসি ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সম্প্রতি স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় এগিয়ে আসেন ওয়ান ব্যাংকের কর্মকর্তারা। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান এবং ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

ওয়ান ব্যাংক বলছে, দেশে প্রতি বছর হাজারো শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে রোগটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতেই এ যৌথ উদ্যোগ। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা একটি তথ্যবহুল ও ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন। এতে স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ রক্ত সঞ্চালন, ক্যারিয়ার স্ক্রিনিং (বাহক পরীক্ষা), প্রাথমিক শনাক্তকরণ এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কীভাবে থ্যালাসেমিয়ার প্রকোপ কমিয়ে আনা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ বিশেষ উদ্যোগটি ব্যাংকিং সেবার পাশাপাশি সমাজের টেকসই উন্নয়নে ওয়ান ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। গ্রাহকদের নির্ভরযোগ্য আর্থিক সেবা নিশ্চিতের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক স্বাক্ষরতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক খাতে নিয়মিত অবদান রেখে আসছে ব্যাংকটি।

আরও