দফায় দফায় লকডাউন আরোপের ফলে যুক্তরাজ্যে দেউলিয়াত্বের আবেদন করা এবং দেউলিয়াত্বের ঝুঁকিতে পড়া কোম্পানির সংখ্যা বেড়েছে। পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই এক প্রতিবেদনে জানায়, গত বছর রেকর্ড ৩৫ শতাংশ ব্রিটিশ কোম্পানি কোণঠাসা হয়ে পড়েছে; যারা হয় দেউলিয়ার আবেদন করেছে বা দেউলিয়াত্বের ঝুঁকিতে রয়েছে। ইওয়াইয়ের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডবিষয়ক কর্মকর্তা এলান হাডসন বলেন, মাসের পর মাস ধরে কোনো মতে টিকিয়ে রেখেছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান। প্রলম্বিত লকডাউনে কতটি প্রতিষ্ঠান অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তা বড় প্রশ্ন।
গত ডিসেম্বরে নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে ফের লকডাউনের ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। এছাড়া করোনার নতুন স্ট্রেইনে ইইউসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। অর্থনীতি চাঙ্গায় ৪১ হাজার ১০০ কোটি ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। —ব্লুমবার্গ