সাতক্ষীরায় এলাচের দাম বেড়েছে কেজিতে ৬০০ টাকা

সাতক্ষীরায় প্রকারভেদে এলাচের দাম বেড়েছে কেজিতে ৪০০-৬০০ টাকা। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় এক মাসের ব্যবধানে মসলাপণ্যটির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারে গতকাল খোঁজ নিয়ে জানা যায়, ভারত থেকে আমদানি করা ভালো মানের জাম্বু এলাচ খুচরায় প্রতি কেজি বিক্রি হয়েছে ৬ হাজার টাকায়। ছোট আকারের আমেরিকান এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৩০০ টাকায়। এক মাস আগেও ভারতীয় জাম্বু এলাচ কেজিপ্রতি ৫ হাজার ৪০০ ও আমেরিকান এলাচ ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা জানান, সরবরাহ কমের পাশাপাশি পাইকারি মোকামে দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

ভোমরা বন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান রাফসান এন্টারপ্রাইজের মালিক মো. আবু হাসান জানান, ডলারের বিনিময় হার বাড়ার কারণে ভারতে এলাচসহ সব ধরনের গরমমসলার দাম তুলনামূলক বেশি। ফলে অন্য যেকোনো সময়ের তুলনায় এখন আমদানি খরচও বেশি।

সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, যেকোনো পণ্যের সরবরাহ অপ্রতুল হলে খুচরা বাজারে দাম বাড়ে। তাছাড়া ডলারের বিনিময় হার বাড়াও দরবৃদ্ধির অন্যতম কারণ। তবে সরবরাহ বাড়লে এলাচের দাম কমে আসবে।

আরও