প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিক্রেতাদের ঋণসুবিধা দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির আওতায় প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিক্রেতারা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ উপভোগ করবেন।
এটি দেশের প্রথম এসএমই ডিজিটাল লোন প্রোগ্রাম। এর ফলে গ্রাহকরা ব্যাংকটির ‘সুবিধা’ অ্যাপ ব্যবহার করে কোনো ধরনের ডকুমেন্টেশন ও ব্রাঞ্চে যাওয়ার ঝামেলা ছাড়াই এ ডিজিটাল ঋণসুবিধা নিতে পারবেন। আনুষ্ঠানিক অর্থায়ন সুবিধার বাইরে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেয়ার মাধ্যমে দেশে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের প্রসার ঘটানোই এ উদ্যোগের লক্ষ্য।
বুধবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সাফল্য’-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য তাৎক্ষণিক, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক ঋণসুবিধা নিশ্চিত করছে। প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে আমাদের এ উদ্যোগ হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীকে ক্ষমতায়ন করছে, যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড।
উজমা চৌধুরী বলেন, বিক্রেতারাই প্রাণ-আরএফএল ইকোসিস্টেমের প্রাণ। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্বে অর্থায়ন সুবিধা আরো দ্রুত ও সহজ হবে। এটি তাদের ব্যবসায় সম্প্রসারণে ভূমিকা রাখবে, যা পুরো সাপ্লাই চেইনকেও আরো শক্তিশালী করতে সহায়তা করবে।
-বিজ্ঞপ্তি